21 September 2025
মহালয়ায় মিরপুর কেন্দ্রীয় মন্দিরে বাঁশরীর দুর্গাসংগীতের আসর-২০২৫ (Bashori Arranged a Session of Durgasangeet 2025 at Mirpur on the Occasion of Mahalaya)
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাঁশরী প্রতিবছর ঢাকা মহানগরী ও দেশের অন্যান্য প্রান্তের বিভিন্ন মন্দিরে কাজী নজরুল ইসলাম বিরচিত দুর্গাসংগীতের আসর আয়োজন করে থাকে। প্রতিবারের ন্যায় এবারও বাঁশরী-একটি নজরুল চর্চা কেন্দ্র শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কাজী নজরুল ইসলাম রচিত দুর্গাসংগীতের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে।
এই ধারাবাহিকতায় ২১ সেপ্টেম্বর ২০২৫ রবিবার সন্ধ্যা ৭টায় মিরপুর কেন্দ্রীয় মন্দিরে বিগত সময়ের ন্যায় এবারও মহালয়ায় “সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম বিরচিত শ্রী শ্রী দুর্গাসংগীতের আসর” শীর্ষক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাঁশরী দুর্গাসংগীতের আসর কার্যক্রম শুরু করেছে। এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল মিরপুর কেন্দ্রীয় মন্দির।
বাঁশরীর শিল্পী সুদাম কুমার বিশ্বাস চণ্ডীপাঠের মাধ্যমে দুর্গাসংগীতের আসর শুরু করেন। এরপর কাজী নজরুল ইসলাম রচিত আগমনী সংগীত দিয়ে দুর্গাসংগীতের আসর শুরু হয়। বাঁশরীর শিল্পীগণ দলীয় কণ্ঠে একে একে-
১। প্রণমামী শ্রী দুর্গে, ২। ওরে আলয়ে আজ মহালয়া, ৩। ওরে আয় অশুচী, ৪। আনন্দ রে আনন্দ, ৫। মা এসেছে মা এসেছে, ৬। জয় মহাকালী, ৭। মায়ের আমার রূপ ৮। মাগো কে তুই, ৯। এলো রে এলো ঐ, ১০। খড়ের প্রতিমা পূজিসরে তোরা, পরিবেশন করেন।
এরপর শিল্পীগণ গ্রুপভিত্তিক নজরুল রচিত দুর্গাসংগীত পরিবেশন করেন। গ্রুপ ১ পরিবেশন করে কীর্তন অঙ্গের "বাজে মঞ্জুল মঞ্জির.....", গ্রুপ ২ পরিবেশন করে "ঘর ছাড়া কে বাঁধতে এলি", গ্রুপ ৩ এর শিল্পীগণ পরিবেশন করে শ্যামাসংগীত "মহাকালের কোলে এসে" এবং গ্রুপ ৪ শিল্পীগণ "নিপীড়িতা পৃথিবী ডাকে” পরিবেশনের মাধ্যমে মহালয়ার পূজায় আগত ভক্ত-দর্শনার্থীদের মুগ্ধ করেন।