29 August 2026
শহীদ কবির পলাশ এবং নাজিফা ইবনাত কবির – এর সংগীতসন্ধ্যা
“অঞ্জলী লহ মোর সংগীতে” এই মূলসুরকে উপজীব্য করে ২৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৬টায় বাঁশরী-একটি নজরুল চর্চা কেন্দ্র মিলনায়তনে বাঁশরীর আয়োজনে বিশিষ্ট নজরুলশিল্পী শহীদ কবির পলাশ এবং তার সুযোগ্য কন্যা প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী নাজিফা ইবনাত কবির এর পরিবেশনায় এক সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সংগীতানুষ্ঠানের শুরুতে বাঁশরীর প্রতিষ্ঠাতা-সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান এ আয়োজনের মধ্যমণি শহীদ কবির পলাশ ও নাজিফা ইবনাত কবিরকে স্বাগত জানান। এরপর ড. খালেকুজ্জামান ও বাঁশরীর সংগীতশিল্পী নাদিয়া আরেফিন শাওন ফুলের তোড়া দিয়ে ও উত্তরীয় পরিয়ে তাদের বরণ করে নেন এবং শুভেচ্ছাস্মারক উপহার প্রদান করেন। ড. খালেকুজ্জামান তার স্বাগত বক্তব্যে উপস্থিত দর্শক-শ্রোতাদের শুভেচ্ছাজ্ঞাপন করেন এবং পিতা ও কন্যাকে সকলের সাথে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানের মূলপর্বে বাঁশরীর সংগীতশিল্পী
সংগীতা পালের সঞ্চালনায় পিতা ও কন্যার কণ্ঠে নজরুল সংগীতের মূর্ছনায় দর্শক-শ্রোতাদের
মুগ্ধ করে রাখেন। সন্ধ্যা থেকে রাত ৯টা অবধি শহীদ কবির পলাশ ও নাজিফা ইবনাত কবির একের
পর এক শ্রোতাপ্রিয় নজরুল সংগীত পরিবেশন করে আয়োজনটিকে উপভোগ্য ও অর্থবহ করে তোলেন।